সোমবার, ২০ ডিসেম্বর, ২০১০

শব্দচাষ

ঝকঝকে মলাটবাঁধা খাতা টমেটোরঙ কৈশোরের,
আর একটা যুৎসই কলম -
সেই কবে যে খোঁজা শুরু আমার।
ইকোনোঃ হলুদ - কালো, কালো - নীল ডোরাকাটা।
'সেলো' তে অক্ষরগুলো ষোড়শী কি তরুণী।
আর জেল-পেন এ বেনীআসহকলা -
ঝিকিমিকি - চকচকে, শব্দের শার্ট পরা।


একটা যুৎসই কলম খোঁজা দোকানে - দোকানে,
সকাল, দুপুর, গোধূলী, বিকেল, ভর সন্ধ্যায়।
মলাটবাঁধা খাতা সেই কবে থেকে একা।
ওখানে ভালো ভালো কথা লেখা হবে।
আপাতত লেখা ঝরে, ঝরে ঝরে পড়ে যায় -
টুকরো শ্রীহীন কাগজে, ছেঁড়া ডায়েরীর পাতায়।


ছন্নছাড়া শব্দের সাথে তুমুল আড্ডাবাজি,
আর নীল শাড়ি অক্ষরদি বলে - "একটা বেনসন চাই।"
নষ্ট - ভ্রষ্ট সময়জুড়ে ফাঁকা স্বপ্নবাজি।
একটা যুৎসই কলম আমার চাই।

অনেক কথা লিখে রাখা যাবে, মিনিট না ঘুরতেই।
শব্দের সাথে শব্দ জুড়ে ঈশ্বর হওয়া যায়।
সন্তর্পণে শব্দে বাক্যে প্রবল ঠুকোঠুকি।

অতএব -
"চলৎ" উচ্চারণে, যুৎসই কলমখানি চাই।


২৩/১১/২০১০